বিশ্বকাপ মাঠে গড়ানোর ছয় দিন পর নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে প্রথম ম্যাচে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে আলজেরিয়ার। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সবচেয়ে বড় স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে—অধিনায়ক লিওনেল মেসি চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে শুরুর একাদশে ফিরছেন। একই সঙ্গে গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি আগের অনুশীলনে আঙুলের চোট নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ছিলেন, তবে এখন পুরোপুরি প্রস্তুত।
রক্ষণে কিছু অনিশ্চয়তা
ডিফেন্সে একটি পজিশন নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কোচ স্কালোনি। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যদিও মোলিনাই এগিয়ে আছেন।
সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি জুটি খেলার সম্ভাবনাই বেশি। তবে বাঁ প্রান্তে বড় ধাক্কা—নিকোলাস তাগলিয়াফিকো ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা।
মাঝমাঠে পরিচিত ত্রয়ী
মিডফিল্ডে আবারও আস্থার প্রতীক হয়ে থাকছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে থিয়াগো আলমাদা।
আক্রমণে মেসি–লাওতারো জুটি
আক্রমণভাগে থাকছেন মেসির বিশ্বস্ত সঙ্গী লাওতারো মার্টিনেজ। চোট কাটিয়ে ফিরলেও তরুণ তারকা হুলিয়ান আলভারেজ শুরুতে থাকছেন বেঞ্চে, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী তাকে ব্যবহার করতে পারেন কোচিং স্টাফ।
সব মিলিয়ে মেসির প্রত্যাবর্তনে আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী শুরুই লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (বা গঞ্জালো মন্টিয়েল), ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ