ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:০৬ পিএম
X

সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, বন্ধ কারখানা চালু, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ ও ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার (১৫ জুন) দুপুরে সাভারের রানা প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবির হোসেন এবং সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন, জাতীয় বাজেটে পোশাকশিল্পের সংকট সমাধানে কোনো কার্যকর বরাদ্দ না থাকায় শ্রমিকরা হতাশ। তিনি বাজেট পুনর্বিবেচনার দাবি জানান এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, লে-অফ বাতিল এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

তিনি আরও বলেন, আল মুসলিম গ্রুপের বেআইনিভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল করে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। একই সঙ্গে ম্যাক্সন্স স্পিনিং মিলসের ক্ষেত্রে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বন্ধ কারখানা চালু, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন না হলে শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, প্রাইড গ্রুপের পদত্যাগকারী ও ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া আল মুসলিম গ্রুপের ১ হাজার ৮৬৮ জন ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহাল করতে হবে।

সমাবেশ থেকে নাশা গ্রুপের বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা চালু, সাঙ্গু টেক্সটাইল লিমিটেড-১ ও ২-এর বেআইনি লে-অফ প্রত্যাহার, বেলকুচি নিটিং অ্যান্ড ডাইং, এমট্রানেট লিমিটেড, আবেদীন টেক্সটাইল, প্রতীক অ্যাপারেলসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়।

এছাড়া শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষের দ্রুত সমাধান, মামলা-হামলা বন্ধ এবং শ্রমিক-কর্মচারীদের নামে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুন্নাহার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবু কালাম, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া থানা কমিটির সভাপতি আলী আকবর, রাসেল প্রামাণিক এবং গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝