নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজের ঘটনার ছবি ভাইরাল হওয়ার পর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমের স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ উঠে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পরে ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, ‘শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর রোববার তিনি চলে গেছেন। তবে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানিনা। বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, ‘এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
টিআইএস