আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
রোববার সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় একযোগে সারাদেশে এ কর্মসূচি শুরু হবে। ক্যাম্পেইনে ছয় মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সাধারণত নয় মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয় না। তবে দেশে হামের সংক্রমণের ধরন পরিবর্তিত হওয়ায় এবার ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের কাছে বর্তমানে ৫৮ লাখ হামের টিকা মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, হামে মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুসরণ করে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এবার শুরুতেই রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাকেন্দ্রগুলোতে চাপ তৈরি হচ্ছে। পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে জানিয়ে প্রয়োজন হলে মোবাইল হাসপাতাল চালুর কথাও জানান তিনি।
এসএস