ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:১৪ এএম
X
Advertisement

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে পয়েন্টের দেখা পেল স্বাগতিক কানাডা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। শেষ মুহূর্তে কাইল লারিনের গোলেই পরাজয় এড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করল স্বাগতিকরা।

শুক্রবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নেমেই ছন্দময় ফুটবল উপহার দেয় কানাডা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। প্রথম ৫ মিনিটে ৬৭ শতাংশ এবং ১০ মিনিটে ৫৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের পায়ে। তবে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।

উল্টো ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি কানাডা।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল কানাডা। তবে ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে দলটি। বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার এটি দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল দলটি। অন্যদিকে কানাডা এর আগে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে এবারের ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিল উত্তর আমেরিকার দেশটি।

৪৮ দলের এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে কানাডার সঙ্গে রয়েছে কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথম ম্যাচে ড্র করে এক পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করা কানাডা এখন তাকিয়ে পরবর্তী ম্যাচের দিকে। কাতারের বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে চলে যাবে স্বাগতিকরা।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement