সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে দুই পুলিশ সদস্যকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।
আহত এসআই শামীম হোসেন বলেন, 'সাভারের বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে হাতকড়া পরানোর সময় প্রথমে তার ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে আমাকে ও এএসআই মশিউরকে মারধর করে। পরে আরও ৪০-৫০ জন লোক এসে আমাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম বলেন, 'মারধরের খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।'
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, 'আহত দুই পুলিশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে গুরুতর আঘাত পাওয়ায় এস এম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।'
ওএফ/এমএ