দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং দুইজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৫ জন শিশু হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গত দেড় মাসে সারাদেশে হামে ও হামের উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫৪ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৭২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।
এসআর