ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষামন্ত্রীর পদত্যাগে আল্টিমেটাম, না হলে ফের ‘লংমার্চ’ কর্মসূচি শিক্ষার্থীদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম
X

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করা হবে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি ঘোষণার পর তারা শাহবাগ মোড় ছেড়ে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের দাবি একটাই—শিক্ষামন্ত্রীর পদত্যাগ।”

তিনি বলেন, “বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী জুনায়েদ বলেন, “রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে বৃহস্পতিবার দুপুর ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। পরে সেখান থেকে সচিবালয়ের দিকে যাত্রা করা হবে।”

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হন।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন তারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবন এলাকা ছেড়ে শাহবাগের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝