দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩৯১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংখ্যা ১৬০ জন।
এছাড়াও গত একদিনে খুলনা বিভাগে ৭২ জনসহ বরিশাল বিভাগে ৭০, চট্টগ্রাম বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১২, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৫ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ৩, বরিশাল বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
এসআর