জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের চেতনা—অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিমসহ ১,৪০০ শহীদের শাহাদাত বরণের চেতনা—আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রেরণা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। পাশাপাশি জুলাই সনদও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। বিরোধী দল সংসদে মাঝে মধ্যে যে বক্তব্য দেয়, সেটি তাদের রাজনৈতিক বক্তব্য।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যেই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই চেতনাকে লালন করে এগিয়ে যাব।
১৬ জুলাই সম্পর্কে মন্ত্রী বলেন, "ঐতিহাসিক ১৬ জুলাই, বেদনাবিধুর ১৬ জুলাই, সংগ্রামের ১৬ জুলাই, বিদ্রোহের ১৬ জুলাই এবং ফ্যাসিবাদ পতনের অগ্রযাত্রার ১৬ জুলাই।" দুই বছর আগে আজকের এই দিনে রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই জয়যাত্রাকে সম্মান জানিয়ে সরকার দিনটিকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকাল থেকে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, দোয়া মাহফিল, আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করছে।
এলওয়াই/আরএন