কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনায় ধানের খড় নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে আশু মিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচ/আরএন