বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকেন্দারখালী গ্রামে সরকারি খালের মাটি কেটে প্রকাশ্যে ইটভাটায় বিক্রি করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
কয়েক দিন আগে এক্সকেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে নীলগঞ্জ মৌজার সেকেন্দারখালী গ্রামের কলাগাছিয়া সরকারি খালের ভেতরে ১০ থেকে ১৫ ফুট গভীর গর্ত করে মাটি কেটে প্রায় ৪০ হাজার ঘনফুট মাটি ইটভাটায় বিক্রি করেছেন স্থানীয় প্রভাবশালী রাজ্জাক খান ও মো. ছালাম হাওলাদার। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পাননি সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, খালটির তিনটি স্থানে ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। উত্তোলিত মাটির কোনো চিহ্নই খালের দুই পাশে নেই। এক্সকেভেটর দিয়ে তিনটি জায়গায় গভীর গর্ত করে মাটি কেটে ট্রাকে ভরে ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক খান বলেন, “আমার দাগের মাথায় খাল, তাই মাটি কেটে বিক্রি করে দিয়েছি।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর আরিফ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেএইচ/আরএন