খুলনায় শ্রমিক হয়রানি, মজুরি কমিশন অনুযায়ী বিল পরিশোধে গড়িমসি, অন্যায় ভাবে শ্রমিক ছাঁটাই এবং বন্ধ থাকা মিল পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে খালিশপুর জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়ন।
রোববার বেলা ১১টার দিকে মিলের প্রধান ফটক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, খালিশপুর জুট মিলস লীজ গ্রহণকারী রেডিয়েন্ট গ্রুপ ইচ্ছাকৃত ভাবে শ্রমিকদের ওপর হয়রানি চালাচ্ছে এবং মজুরি কমিশন অনুযায়ী বিল পরিশোধ করছে না। পরিকল্পিত ভাবে শ্রমিক ছাঁটাই ও মিল বন্ধ রেখে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে শ্রমিক হয়রানি বন্ধ, বকেয়া বিল পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং মিল চালুর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস সিবিএ’র সভাপতি ও কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দ্বীন মুহাম্মদ।
আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সিবিএ’র সাবেক সভাপতি মো. সেলিম শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
এসএম/এমএ