মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় কালবৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার দুপুরে আকস্মিকভাবে আঘাত হানা প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একাধিক গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং গাছগুলোর আকার বড় হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক সড়ক বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আকস্মিক ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় গাছ পড়ে যায়। এতে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত গাছ সরানোর কাজ করছেন। কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এসএস/এসআর