নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এমপি নিয়ম ভেঙে পাম্পে তেল নিতে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষোভে তার গাড়িতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে সংসদ সদস্য উপজেলা সদরের জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি জানান, সন্ধ্যায় তিনি আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি রেখে পাশের একটি নামাজখানায় মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িতে আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা নামাজখানায় ঢুকে তার ও তার সহযোগীদের ওপর হামলার চেষ্টা করলে মুসল্লিরা ভয়ে দরজা বন্ধ করে দেন। পরে বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার এসে তাদের উদ্ধার করে পুলিশের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে যান। তবে এমপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের বেশ কয়েকজন সমর্থককে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার বলেন, ঘটনাটি একজন জামায়াত নেতার কাছ থেকে ফোনে জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় এমপিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমপির পক্ষ থেকে লোকজন থানায় এসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান জানান, কিছু উচ্ছৃঙ্খল জনতা এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টিম পূর্বধলায় পৌঁছেছে।
এআই/আরএন