ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে রাস্তার দুপাশের ৭১টি ছায়াবৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে ২০ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে সদ্য রোপিত ৭১টি একাশিয়া প্রজাতির ছায়াবৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এছাড়াও দেউন্দি টি কোম্পানি লিমিটেডের অধীনস্থ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় বাগান কর্তৃপক্ষ যেমন দুশ্চিন্তায় পড়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প প্রতিষ্ঠান।

বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, মিরতিংগা চা বাগান প্রতিবছর সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে থাকে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনায় বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের ২ এপ্রিল তিনটি এবং ১৬ এপ্রিল একটি ছায়াবৃক্ষ চুরি হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ঘটনাগুলো স্থানীয় থানায় লিখিতভাবে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক কিছু পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তবে সেই স্থিতি বেশিদিন স্থায়ী হয়নি।

এদিকে, গত ২২ এপ্রিল বুধবার গভীর রাতে আবারও বড় ধরনের নাশকতার ঘটনা ঘটে। রাত আনুমানিক ১১টার দিকে মিরতিংগা চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে ২০ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে সদ্য রোপিত ৭১টি একাশিয়া প্রজাতির ছায়াবৃক্ষ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে কাটা গাছগুলো ফেলে রেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিশেষজ্ঞদের মতে, ছায়াবৃক্ষ চা বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গাছ বাগানের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং চা গাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ফলে এ ধরনের নির্বিচার বৃক্ষনিধন বাগানের উৎপাদনশীলতা ও পরিবেশ—উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনার পর সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নামের তালিকাসহ বিষয়টি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এদিকে বাগান কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাগানটির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

কর্তৃপক্ষের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী এবং মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক চা বাগান থেকে দুর্বৃত্তদের ছায়াবৃক্ষ নিধনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় বাগানের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাগান পঞ্চায়েত ও সাধারণ চা শ্রমিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছেন। চা শিল্প রক্ষায় জরুরি ভিত্তিতে ছায়াদানকারী বৃক্ষ নিধন বন্ধ করতে হবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝