চরফ্যাশন উপজেলার দুলারহাটের ৬ নম্বর নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির একটি পুকুরে মাটি কাটতেই গ্যাস বের হতে দেখা গেছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আশপাশ এলাকার উৎসুক জনতা ঘটনাটি দেখতে সেখানে ভিড় করছেন। এমন খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরের মালিক মাটি কাটার সময় এই গ্যাস নিঃসরণ দেখতে পান।
এরই মধ্যে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিমের মাধ্যমে নির্গত গ্যাস পর্যবেক্ষণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির ওই পুকুরে কয়েক দিন আগে পানি সেচ দেওয়ার পর গত ২৩ এপ্রিল হঠাৎ করে পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যায়। উৎসুক লোকজন কৌতূহলবশত মাটিতে সরু পাইপ বসিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালালে পাইপের ওপরের অংশে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি প্রাকৃতিক গ্যাস হতে পারে। তাই তারা চরফ্যাশন উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন এবং গ্যাসটি প্রাকৃতিক কি না তা পরীক্ষার মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর এমন আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা করছেন।
উপজেলা প্রশাসন ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিমকে খবর দিলে তারা এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ টিমের বিশেষজ্ঞরা জানান, ‘গ্যাসের চাপ কম এবং এই নিঃসরণ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। এটি বায়ুজনিত গ্যাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাপ কম থাকায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার মতো পরিস্থিতি নেই। আশপাশের অগভীর নলকূপগুলোতেও কোনো গ্যাস নিঃসরণের তথ্য পাওয়া যায়নি।’
তাদের মতে, পুকুর বা জলাশয়ের নিচে জমে থাকা জৈব পদার্থ পচে “মিথেন গ্যাস” সৃষ্টি হতে পারে, যা অনেক সময় আগুন দিলে জ্বলে ওঠে। তারা আরও জানান, উল্লিখিত পুকুরে যে গ্যাসের বুদবুদ দেখা গেছে, তা উদ্ভিজ্জ বা বায়োগ্যাসের মাধ্যমে সঞ্চিত হয়েছে। গ্যাস ডিটেক্টরের মাধ্যমে মিথেন এবং CO₂-এর উপস্থিতি পাওয়া গেলেও কোনো ধরনের উচ্চতর হাইড্রোকার্বনের প্রমাণ পাওয়া যায়নি।
অতএব, এটি অগভীর স্তরে (shallow depth) এবং নিম্নচাপে (low pressure) জমাকৃত স্বল্প পরিমাণ বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানেই পরিলক্ষিত হয়। নিম্নচাপের কারণে কিছু সময় পরই এই গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্যাস বের হওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার স্বার্থে বুদবুদ নিঃশেষ না হওয়া পর্যন্ত সেখানে অতি উৎসাহী হয়ে অগ্নিসংযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চরফ্যাশনের নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির পুকুরে মাটি কাটার সময় গ্যাস বের হওয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
এসএফ/আরএন