ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘর ছাড়েন ব্যবসায়ী, পরদিন খালে মিলল লাশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৭:০২ পিএম
X
Advertisement

পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পঞ্চগড় থানা-পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় আলামত সংগ্রহের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক একটি বিষয় নিয়ে রেজাউলের কথা-কাটাকাটি হয়। এতে অভিমান করে রাত ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। স্বজনেরা রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এমআই/আরএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement