রাজধানীর প্রগতি সরণিতে সড়ক খনন ও পাইপলাইন স্থাপনের কাজের কারণে তীব্র যানজটে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে রামপুরা থেকে নতুন বাজার হয়ে কুড়িল পর্যন্ত ২০-৩০ মিনিটের পথ পাড়ি দিতে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।
সড়কের বিভিন্ন অংশে চলমান খননকাজের কারণে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে ব্যস্ত সময়ে দীর্ঘ সারিতে আটকে থাকছে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও রিকশা।
সরেজমিনে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে মধ্যবাড্ডা এবং সুবাস্তু নজর ভ্যালি শপিংমল থেকে নতুন বাজার পর্যন্ত কয়েকটি স্থানে সড়ক খুঁড়ে কাজ চলছে। কোথাও রাস্তার মাঝের অংশ, আবার কোথাও পাশের অংশ খনন করা হয়েছে। কয়েকটি স্থানে রাস্তার পাশে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকায় যান চলাচল আরও ধীর হয়ে পড়ছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রগতি সরণিতে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলছে। এর আগে ওই এলাকায় এমআরটি লাইন-১ প্রকল্পের ইউটিলিটি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়। এরপর ওয়াসাকে পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়। গত ১০ মে থেকে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।
কাজের কারণে কোনো কোনো অংশে চার লেনের মধ্যে দুটি লেন বন্ধ রেখে যানবাহন চালানো হচ্ছে। আবার কিছু অংশে চারটি লেনই চালু রয়েছে। ফলে খোলা অংশগুলোতে যানবাহনের চাপ বাড়ছে।
যাত্রীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়কটিতে যানজট সবচেয়ে বেশি দেখা যায়। এ সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে। অনেককে যানজটের কথা মাথায় রেখে অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হচ্ছে।
যানজটের প্রভাব পড়েছে গণপরিবহনের ওপরও। ভিক্টর ক্লাসিক বাসের চালক মাজেদুল ইসলাম জানান, আগে দিনে সাড়ে চার থেকে পাঁচটি ট্রিপ দেওয়া সম্ভব হলেও এখন তা কমে তিন থেকে সাড়ে তিনটিতে দাঁড়িয়েছে। যানজটের কারণে অনেক যাত্রী মাঝপথে নেমে যাওয়ায় ভাড়া আদায়েও সমস্যা হচ্ছে।
প্রায় এক যুগ ধরে পরিবহন চালানো শাহাদাত হোসেন বলেন, সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি অফিস সময়ে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও রিকশার চাপও যানজট বাড়াচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এসব যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
চলমান পাইপলাইন স্থাপন ও সড়ক খননকাজের কারণে সাময়িকভাবে যানজটের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজের বিভিন্ন অংশে একাধিক লেন বন্ধ থাকায় ব্যস্ত সময়ে প্রগতি সরণিতে যাতায়াতকারীদের ভোগান্তি বাড়ছে।
এসএস