ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা আছে, কিন্তু সেই মেধার ব্যক্তিজীবনে প্রতিফলন ঘটাতে আত্মনিয়োগ ও পরিশ্রম করতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার শিক্ষা দিতে হবে।
বুধবার হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আরিফুর রহমান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি কলেজজীবনের স্মৃতিচারণ করে বলেন, বিগত ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য কাজ করছে। শিক্ষার্থীদের ওপর পড়াশোনা চাপিয়ে না দিয়ে আনন্দের মাধ্যমে পাঠদান করাতে হবে।
তিনি বলেন, পূর্বের পরীক্ষার ফলাফলের সঙ্গে বর্তমানের পরীক্ষার ফলাফলের তারতম্য রয়েছে। সরকার চিন্তা করছে, শিক্ষার্থীদের শুধু পাস করিয়ে দিলেই হবে না; তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষার ফলাফলে এই তারতম্য হয়েছে। বিশ্বায়নের যুগে নিজেকে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী।
অধ্যাপক মীর মোহাম্মদ জিয়াউল হক ও অধ্যাপক সৈয়দা নার্গিস সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আহসান চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু মুসা মোহাম্মদ মামুন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অন্মেষা।
প্রধান অতিথি আরও বলেন, বর্তমানে মাদক একটি বড় সমস্যা। অনেকে ভুলবশত মাদক সেবন করে নিজেকে স্মার্ট মনে করেন। প্রকৃতপক্ষে মাদক ধীরে ধীরে নিজেকেই নিঃশেষ করে দিচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদক নির্মূল করতে হবে।
পরে হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১১টি প্রতিষ্ঠানের পুকুরে মোট ৯৪৪ শতাংশ জলাশয়ে ২০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মমিন।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি জনাব গিয়াসউদ্দিন ও নুর মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. শফিউল আলম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইউএন/আরএন