জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধার আগে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে নামার পরে তাদের দেখতে না পেয়ে বিষয়টি বাড়িতে জানানো হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, 'ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।'
এসআই/এমএ