ঘোড়া জবাই ও ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ খাদ্যের দাবিতে ঐক্যবদ্ধ হই” স্লোগানে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ‘গজারিয়া সচেতন নাগরিক’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা একটি জঘন্য প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
বক্তারা আরও বলেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়; বরং খাদ্য নিরাপত্তা ও সামাজিক সচেতনতার প্রশ্নে নাগরিকদের নৈতিক দায়িত্ব পালনের অংশ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজান এবং উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে জবাইকৃত ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অবৈধ মাংস ব্যবসায়ী চক্রের সদস্যরা।
এইউ/এসআর