মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসারের বিনোদপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। দু'জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়ে যায়।
নিহত মো. রাকিব (১৫) মাদারীপুরের শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শাহাদত মাতব্বর। যিনি সৌদি আরবে কর্মরত।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন,
'খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এমএইচ/এমএ