নাটোরের সিংড়ায় বাদশা মিয়া নামের এক হত দরিদ্র কৃষকের জমি দখল নিতে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের শ্রীরামপুর করচমাড়িয়া মাঠের প্রায় এক বিঘা জমির আধা-পাকা মিনিগেট ধান আগাছা নাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বল্টু মিয়া ও তার ভাই বাবলুর বিরুদ্ধে।
ভুক্তভোগী কৃষক বাদশা মিয়ার অভিযোগ, ২০২৫ সালের ১০ আগস্ট নাটোর আদালতের বিচারকের কাছে প্রতিপক্ষ বল্টু মিয়া, বাবলু ও তার লোকজন বন্ড সহি দিয়ে তাকে জমিটি ছেড়ে দেন। সে সময় স্থানীয়ভাবে সেই জমি দখল নিতে প্রতিপক্ষকে এক লাখ টাকা চাঁদাও দিতে হয়। কিন্তু এর পর থেকেই ওই জমিতে চাষাবাদ করে ফসল কাটার আগেই তার পাকা ফসল নষ্ট করে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দুটি ফসল নষ্ট করে দেওয়ায় তার প্রায় অর্ধলাখ টাকা ক্ষতিও হয়েছে। প্রতিপক্ষরা আরো দুই লাখ টাকা দাবি করছেন। জমি দখল নিতে প্রতিনিয়তই তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।
এদিকে রোববার সরেজমিনে গেলে স্থানীয় কৃষক জহুরুল ইসলাম, মাহাবুর রহমান ও সাকিল হোসেন বলেন, বিগত সময়ে ওই জমিটি জবর দখল করে রেখেছিল স্থানীয় আওয়ামীলীগ নেতা সাহাদুল ইসলাম বল্টু, বাবলু ও তার লোকজন। পরে আদালতের মাধ্যমে জমিটি উদ্ধার হলেও বর্তমানে আবার আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাড়াটে বাহিনী দিয়ে জমিটি দখলের পায়তারা করছেন। দুইবার ওই জমির ফসল নষ্ট করার বিষয়টি এলাকার অনেকেই জানেন।
এবিষয়ে প্রতিপক্ষ সাহাদুল ইসলাম বল্টুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই বাবলু মিয়া জমিটি তাদের দাবি করে পরে কথা বলবেন বলে মুঠোফোন কেটে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, আগাছা নাশক দিয়ে এক কৃষকের জমির আধাপাকা ধান পুড়িয়ে দেয়া হয়েছে বিষয়টি শুনেছেন। ক্ষতিগ্রস্থ কৃষককে সহযোগিতা করা হবে।
এ বিষয়ে সিংড়ার কালিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মুক্তি মাহমুদ বলেন, জমি সংক্রান্ত ঘটনার কারণে ভুক্তভোগী ওই কৃষককে আদালতে মামলার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশ পেলে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।
এসআই/ এসআর