বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
জানা যায়, গত ২৩ মার্চ কুকুয়া গ্রামের মোশারেফ মৃধা প্রতিবেশী মো. সোহাগ হাওলাদার (৪০), মো. বাবুল হাওলাদার (৩৫), তাজেল মৃধা (৪২), হাবিল হাওলাদার (৩৫), ঝর্না বেগম (৪৫) ও সোনিয়া বেগম (৩৫)-এর বিরুদ্ধে আমতলী থানায় মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মোশারেফ মৃধার অভিযোগ, মামলার পরদিন ২৪ মার্চ আসামি সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা বেগম বাদী হয়ে তার (মোশারেফ) দায়ের করা মামলার সাক্ষী অমিত (২৫), জেসমিন বেগম (৪৫), এছাহাক (৭৮)সহ মোট সাতজনের বিরুদ্ধে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন।
ভুক্তভোগী আবু তালেব দাবি করেন, “যে সময়ের ঘটনা উল্লেখ করে তানজিলা মামলা করেছেন, সে সময় আমরা এছাহাক মেম্বারের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ছিলাম। পরে স্ট্যান্ডে এসে লোকজনের কাছ থেকে সোহাগকে মারধরের কথা শুনি। পরদিন জানতে পারি, আমার ৭৮ বছর বয়সী বাবাসহ পরিবারের সদস্যদের নামে মামলা হয়েছে।”
এ ঘটনায় তানজিলা বেগমের দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে তানজিলা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই নাসরিন বলেন, “মামলার তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এএসকে/ এসআর