নওগাঁর পত্নীতলায় ফসলি জমিতে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছিল। কালবৈশাখীর এই পূর্বাভাসে ভোরেই ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ পাঁচজন কৃষক। এ সময় আকস্মিক বজ্রপাত তাদের ওপর পড়লে পাঁচজনই আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকি চারজন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ/আরএন