ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে ঝিনাইকুড়ি নদী খনন কার্যক্রমের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
X

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনাইকুড়ি নদী খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বোদা পৌরসভা ঘিরে নদীটি প্রবাহিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ড্রেজার নয়, শ্রমিকের মাধ্যমে এই খাল খনন করা হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। মন্ত্রণালয়ের সভায় বারবার এ বিষয়ে আলোচনা হয়েছে—আমরা মানুষকে আর ঢাকামুখী করতে চাই না।

তিনি আরও বলেন, “ড্রেজার দিয়ে কাজ করলে ব্যয় হবে ৫ লাখ টাকা, আর শ্রমিক দিয়ে করলে লাগবে ৭ লাখ টাকা। কিছু বেশি ব্যয় হলেও আমরা চাই মানুষের কর্মসংস্থান হোক। আমরা অর্থ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, একজনকে ধনী করতে চাই না। বরং শতাধিক মানুষের জীবন-জীবিকা, বাসস্থান ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। তাদের স্বাবলম্বী করতে চাই—এটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।”

দেশব্যাপী নদী, নালা ও খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বোদা উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তিনি নিজ হাতে মাটি কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।”

পানি সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ঝিনাইকুড়ি নদীর প্রায় ৩ কিলোমিটার অংশ খনন করা হবে।

তিনি বলেন, “ঝিনাইকুড়ি খালটি একসময় প্রবাহমান নদী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভরাট হয়ে গেছে। এখন আর নদীর সেই চিত্র নেই। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ কিলোমিটার খনন করা হবে, যা প্রায় ১৫ হাজার মানুষের জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি বৃক্ষরোপণ, মৎস্য চাষ ও হাঁস পালন করে স্থানীয় জনগণ তাদের জীবন-জীবিকার উন্নয়ন ঘটাতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় ৫ হাজার নদী, খাল ও জলাশয় খনন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে, যার মাধ্যমে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানিতে সক্ষম হবে।”

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও (সার্কেল)-এর কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি, জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝