নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রমের প্রথম ধাপে খুলনা বিভাগের মহানগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডে ১ হাজার উপকারভোগিদের মাঝে প্রদান করা হবে।
আগামীকাল ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে খুলনা খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সমাজ সেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফা বলেন, পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামেলি কার্ড প্রদানের লক্ষ্যে গত শুক্রবার থেকে খানা জরিপ শুরু হয়ে সোমবার শেষ হয়। সর্বমোট ৮ হাজার ৭ জন উপকারভোগীদের তালিকা ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ৪ হাজার ১৫৮টি কার্ড এসে পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার ১ হাজার কার্ড প্রদান করা হবে। বাকী কার্ড পর্যায়ক্রমে উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
এসএমএস/এসআর