রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী। এই পদে যোগদানের আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এই সময়ে তিনি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা ও দক্ষতা উন্নয়ন, এবং পরিবেশগত নিয়মাবলী অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও প্রকল্পভিত্তিক টাউনশিপ উন্নয়নে অংশগ্রহণ করেছেন।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি দায়িত্ব গ্রহণ করেন। বুধবার রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া, তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন এবং ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন।
জেইউ/আরএন