গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডাকাত দলের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার ভোর বেলা উপজেলার খোর্দ্দজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তিন জন ব্যক্তি ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোর্দ্দমোজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহেরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দু'জনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দলের আরেক সদস্য পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম উদ্দিন বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
টিএইচ/এমএ