ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অভিজ্ঞতা আর বিপুল জনপ্রিয়তায় দুলু এখন পূর্ণাঙ্গ মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ৮:৩৪ পিএম
X

মন্ত্রণালয় পরিচালনার পূর্ব অভিজ্ঞতা এবং নিজ আসনসহ উত্তরাঞ্চলের মানুষের কাছে বিপুল জনপ্রিয়তার কারণে আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। তিনি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সাংসদ দুলু বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

আসাদুল হাবিব দুলু নিজ আসনে বিপুল জনপ্রিয়। তাঁর সাংগঠনিক দক্ষতা, জনকল্যাণমুখী আন্দোলন এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দল-মত নির্বিশেষে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

এ ছাড়া সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনায় তাঁর অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন আরও বড় পরিসরে—একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে।

আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন শিক্ষাবিদ। লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝