ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মুজিবুর রহমান, আব্দুল হান্নান, আতিকুল আলম, সালমান ওমর ও এ জেড এম রেজওয়ানুল হক। তাঁরা সবাই পূর্বে বিএনপির নেতা ছিলেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়েছে।
বেসরকারিভাবে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও জোটভুক্ত দলগুলো পেয়েছে ২১২টি আসন। জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো পেয়েছে ৭৭টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
ব্রাহ্মণবাড়িয়া-২
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলের অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানা তাঁর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। তিনি পূর্বে বিএনপির সংসদ সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
টাঙ্গাইল-৩
জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি বিএনপির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির, যিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় লুৎফর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
কিশোরগঞ্জ-৫
স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, যিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। মুজিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
চাঁদপুর-৪
স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান জয়ী হয়েছেন। উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ, যিনি পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।
কুমিল্লা-৭
স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন কলস প্রতীকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী রেদোয়ান আহমদ, যিনি পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। তিনি সাবেক প্রতিমন্ত্রী।
ময়মনসিংহ-১
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলের অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, যিনি পেয়েছেন ১ লাখ ৭৩৬ ভোট। বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং প্রার্থী হওয়ায় দল তাঁকে বহিষ্কার করে।
দিনাজপুর-৫
স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল আহাদ, যিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন এ কে এম কামরুজ্জামান। রেজওয়ানুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরএন