চারবারের সাবেক সংসদ সদস্য এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী বলেছেন, “উখিয়া-টেকনাফের উন্নয়নে আমার জীবন উৎসর্গ করেছি। জীবনে এক টাকাও দুর্নীতি করিনি এবং কোনো মানুষের ক্ষতি করিনি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনি জনসভায় কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “সারা পৃথিবী দেখছে, বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসবে। স্থিতিশীল সরকার গঠনে বিএনপির বিকল্প নেই। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।”
শেষ এই নির্বাচনি সভায় উখিয়া ও টেকনাফের প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী এবং ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।
উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
এসইউ/আরএন