সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে বড় ধরনের দলবদলের ঘটনা ঘটেছে। ধানের শীষের সমর্থন ছেড়ে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী।
শুক্রবার দিরাই পৌর শহরে শিশির মনিরের নিজ বাসভবনে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ যোগদান সম্পন্ন হয়। শিশির মনির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, এদিন সকাল ৯টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহিদ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর সকাল ১০টার দিকে সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা ইলিয়াস মিয়া, বাবুল মিয়া ও ফখর উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আরও প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অ্যাডভোকেট শিশির মনিরের প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
যোগদান অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় রাজানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহিদ আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এলাকার উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে প্রবাসে থাকা তার ছেলের উৎসাহ এবং শিশির মনিরের ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি জানান। তিনি বিশ্বাস করেন, শিশির মনির জয়ী হলে এ অঞ্চলের অবহেলিত ও দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে।
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়বদ্ধ করে তুলেছে। দিরাই-শাল্লার মানুষের অধিকার আদায়ে আমি নিরলসভাবে কাজ করে যাব।” এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
যোগদানের এ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এএস/আরএন