হাইকমান্ডের ভুল সিদ্ধান্ত ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর ‘অভিমান করে’ পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার শহরের পশ্চিম টেংরি এলাকার সূর্য প্রামাণিকের খোলায় ‘জরুরি সংবাদ সম্মেলন’ ডেকে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
পদত্যাগের ঘোষণা দেওয়া এসব নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে ঈশ্বরদী বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র এমপি প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখা’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দিনে ঈশ্বরদীতে তৃণমূলের নেতাকর্মীরা জাকারিয়া পিন্টুর নির্দেশে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, পুলিশের হাতে গ্রেপ্তার ও নির্যাতন সহ্য করেছেন। কিন্তু দলের হাইকমান্ড তৃণমূলের নেতাকর্মীদের কাঙ্ক্ষিত প্রার্থী জাকারিয়া পিন্টুকে গুরুত্ব না দিয়ে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছেন—যিনি পূর্বে আওয়ামী লীগ করতেন। অথচ প্রকৃত ত্যাগী নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়া হয়নি। বরং ‘ফ্যাসিস্টদের’ সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব ও তার আওয়ামী দোসররা এখন আমাদের ওপর জুলুম-নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছেন। যে দলের জন্য আমরা রাজপথে থেকেছি, কষ্ট সহ্য করেছি—আজ সেই দল থেকেই নির্মম আচরণ পাচ্ছি। সে কারণে আমরা ভীষণ ব্যথিত এবং তারেক রহমানের ওপর ‘অভিমানস্বরূপ’ স্বেচ্ছায় পদত্যাগ করছি।
এ সময় তিনি পদত্যাগী নেতাকর্মীদের নামের তালিকা ঘোষণা করেন। উপস্থিতরা হাত তুলে সমর্থন জানান।
বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর আমাদের আস্থা আছে। প্রয়োজনে আবার দলের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
এদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নেওয়ায় গত সপ্তাহে পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতাকেও পদসহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
এমএইচ/আরএন