ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে খিচুড়ি খাওয়ার আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম
X

নির্বাচনী পথসভায় অংশ নেওয়া লোকজনের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করায় জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারীর পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য বিএনপির নেতা শাকিলুর রহমানের বাড়িতে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরিত চিঠিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনের সময় খাবারের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(ক) লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ি বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। সেখানে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয় এবং আরও দুটি বড় পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা ঘটনাস্থলে গেলে রান্নার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কমিটি জানতে পারে, বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীর একটি নির্বাচনী পথসভা রয়েছে। ওই পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। এ সময় তিনটি বড় পাতিলে রান্না করা খিচুড়ি এবং অব্যবহৃত চাল, ডাল, তেলসহ রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মসলা জাতীয় উপাদান জব্দ করা হয়। পরে জব্দ করা খিচুড়ি ও অন্যান্য উপাদান বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

নোটিশে আরও বলা হয়, নির্বাচনের সময়ে এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(ক) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জয়পুরহাটে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী শোকজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমি পথসভা কিংবা খিচুড়ি রান্নার বিষয়ে অবগত ছিলাম না। কেউ হয়তো আমাকে বিতর্কিত করতে এমন কাজ করেছে।’

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝