চট্টগ্রামের হাটহাজারীতে হাইস গাড়ির চাপায় আবু নাঈম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের কাটিরহাট বাজারসংলগ্ন দরগাহ রাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার দোকান এলাকার মনিরের পুত্র।
জানা যায়, নিহত নাঈম হাটহাজারীর সরকারহাট বাজারে তার মামার দোকানে চাকরি করতেন। রাতে চাকরি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ফটিকছড়িগামী হাইস গাড়ি উল্টে গিয়ে নাঈমের ওপর চাপা পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউ না পেয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাঈমের চাচাতো ভাই আরমান সিদ্দীকি।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ইউএন/আরএন