আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, জনগণ বুঝে গেছে—‘হ্যাঁ’ ভোট দেওয়া হলে দেশে আর স্বৈরাচার ও অত্যাচারী শাসনের ফিরে আসার সুযোগ থাকবে না। এতে নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের অধিকার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব আরও বলেন, মাজারে হামলার ঘটনা ছিল নিন্দনীয়। বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদ, পীর ও আউলিয়াদের হাত ধরেই।
তিনি বলেন, মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়। আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেখানে যেতে পারেন। মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পার্ট।
মাজার আঙ্গিনা ঘুড়ে দেখে প্রেস সচিব বলেন, বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে। দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।
উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়। দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়। ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।
মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকার কিছু টুপিধারী লোক মাজারটা ভাঙচুর করে। তারা এটা পছন্দ করে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের কথা বলেছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাজার পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ।
এসআর