চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকায় বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে বুধবার বিকেলে রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে একই সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৫ জনকে আটক করে পুলিশ। চাঁড়ালডাঙ্গা সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
এনআই/এসআর