ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মধুপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ, কৃষকের মুখে হাসি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
X

সরিষার বাম্পার ফলনে টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের চোখে-মুখে আনন্দের হাসি ফুটেছে। এই মৌসুমে মধুপুর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলি মাঠ এখন হলুদ রঙে সোনালি ঢেউয়ের মতো ঝলমল করছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫০০ হেক্টর। লক্ষ্যমাত্রা পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ১১০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষকরা এবার সরিষার বাম্পার ফলনের আশায় রয়েছেন। আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে তারা আশা করছেন প্রচুর সরিষা উৎপাদন হবে।

মধুপুর উপজেলায় ‘বারি ১৪’ জাতের সরিষার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে ‘বিনা ১৭’, ‘বিনা ১৮’ ও ‘বিনা ২৯.৯’। অন্যান্য জাতের তুলনায় ‘বারি ১৪’-এর ফলন ভালো হওয়ায় কৃষকরা এই জাতের চাষে বেশি আগ্রহী। সরিষার চাষে খরচ কম এবং লাভ বেশি হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সরিষার মাঠ চোখে পড়ার মতো। সোনালি হলুদ ফুলে দুলছে পুরো মাঠ।

উপজেলার গোলাবাড়ীর সরিষা চাষী হযরত আলী বলেন, “আমি এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। প্রতিটি গাছে প্রচুর ফুল ফুটেছে। বুঝা যাচ্ছে এবছর ফলন ভালো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়মতো সরিষা তোলার পর বিক্রি করতে পারলে বাড়তি আয় হবে। সরিষা উত্তোলনের পর বোরো ধান চাষের প্রস্তুতিও নিতে পারব।”

অপর কৃষক রফিকুল ইসলাম জানান, “গত বছর সরিষার দাম ভালো হওয়ায় এবছর আমি প্রায় তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব। বাজারে সরিষার চাহিদাও অনেক বেশি। এমন ভালো ফলন দেখে কৃষকের মুখে সত্যিই হাসি ফুটেছে।”

উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে ও আবাদের ফলন বৃদ্ধি করতে নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।”

মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল-রানা বলেন, “এবছর মধুপুর উপজেলায় সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ২৬১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ মণ সরিষা পাওয়া সম্ভব। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সরিষা এমন একটি ফসল যা থেকে তেল, মধু, শাকসবজি, সার এবং লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়। সরিষার ফলন সাধারণত ৮০ থেকে ৯০ দিনে হয়। তাই কৃষকরা সরিষা উত্তোলনের পর বোরো ধান চাষ করতে পারেন।”

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝