ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
​কেন্দুয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম
X

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও সরকারি হালটের রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য সালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সম্প্রতি ওই জমির পাশ দিয়ে যাওয়া সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে চন্দন মিয়ার লোকজন সরকারি রাস্তার জায়গায় সুরকি ফেলতে গেলে জীবন ভূইয়ার পক্ষ তাতে বাধা দেয়।

​এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের প্রায় চার শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচকে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝