জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগে জানা যায়, ডাকাতদল মাত্র ৪–৫ মিনিটে দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে পাঁচবিবি পৌরসভার রেলস্টেশন সড়কের মণ্ডল জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে ডাকাতদল দোকানের সামনে আসে। তারা নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলেন এবং মাত্র ৪–৫ মিনিটের মধ্যে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করেন। এরপর তারা সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করেন।
মণ্ডল জুয়েলার্সের মালিক নূর ইসলাম জানান, ডাকাতরা দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার এবং নগদ ৬ লাখ টাকাসহ প্রায় সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান চলছে। পুলিশ আইনগত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”
এসআই/আরএন