মৌলভীবাজারের কুলাউড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ‘কুলাউড়া প্রেস ক্লাব’ চ্যাম্পিয়ন এবং ‘কুলাউড়া থানা পুলিশ প্রশাসন’ রানার্স আপ হয়েছে।
বুধবার কুলাউড়া এনসি বিদ্যালয় মাঠে বিকেল ৩টার দিকে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কুলাউড়া থানা পুলিশ ২-০ গোলে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে কুলাউড়া প্রেসক্লাব ২ গোল দিলে খেলাটি ড্র হয়ে যায়। নির্ধারিত সময়ে খেলা শেষ হলে ট্রাইবেকারে ৩-২ গোলে প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি ছাড়াও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া থানার এসআই তাজুলের পরিচালনায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ দলের অধিনায়ক ও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
অপরদিকে, রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন কুলাউড়া প্রেস ক্লাব দলের অধিনায়ক ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, খেলার আয়োজক কমিটির আহ্বায়ক এম মছব্বির আলী প্রমুখ।
সে সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হান্নান, প্রবীণ শিক্ষাবিদ মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেস ক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, খেলা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক হাসানসহ প্রেস ক্লাব সদস্যবৃন্দ ও কুলাউড়া থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ফুটবলার কাবুল পাল প্রমুখ।
খেলায় রেফারী ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান ছুরুক।
-এসআর/এমএ