ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম সম্পন্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ১:৩১ পিএম আপডেট: ১১.০৬.২০২২ ৪:০৭ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। তার এনজিওগ্রাম করা হয়েছে। তবে তার প্রতিবেদন এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এনজিওগ্রামের রিপোর্টের পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি চিকিৎসা দেবেন। আমরা উদ্বেগের মধ্যে আছি।  সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। তারা নিজেরা বৈঠক করে আলোচনা করেছেন।
 
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসে মেডিকেল বোর্ড।

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই খালেদা জিয়ার হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা তাৎক্ষণিকভাবে করা হয়। ৭৫ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

এর আগে টানা দুই মাস ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত পয়লা ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে তার শরীরে কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়।

গত বছরের ২৮ নভেম্বর চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সরকার প্রধানের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে দণ্ড স্থগিত করে তাকে ছয় মাসের জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

এনএন



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝