সাবেক অর্থমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আর নেই (ইন্না...রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশান আজাদ মসজিদে সাবেক এ অর্থমন্ত্রীর প্রথম জানাজা, বেলা সাড়ে ১১টার দিকে সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বেলা ১২টার দিকে তার মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেওয়া হবে।
গত বছরে করোনায় আক্রান্ত হন আবুল মাল আবদুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিক ভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।
সাবেক এ অর্থমন্ত্রী ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দু'বার, এবং ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ অর্থবছরে টানা ১০ বারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।
-এমএ