
রাজধানীর শনিআখড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দু'জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শনিআখড়ার জিয়া স্মরণি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইটের মালিক হারুন অর রশিদ (৪২) ও ট্রাকের শ্রমিক বাশার (৩২)।
আহত বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা ট্রাক চালক হাবিব জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়েন বাশার ও হারুন। এতে ঘটনাস্থলেই হারুন অর রশিদ মারা যান। পরে আহত বাশারকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ট্রাকচাপায় দু'জন নিহত হয়েছেন। বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে। আর হারুন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
-এমএ