ইয়েমেনের পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। শুক্রবার (২৭ নভেম্বর) এ হামলা চালানো হয়।
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালায়। এতে সেখানে কর্মরত এক বিদেশি নাগরিক নিহত হন। এর পরদিনই ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার ঘটনা ঘটল।
হুথি সংশ্লিষ্ট বার্তা সংস্থা সাবা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ প্রদেশের আল-তুবরা এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হয়। এতে ১১ জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই শিশু। এ ছাড়া সা’দা অঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গত জুলাইয়ে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে হুথিরাও সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর ধরে দেশটিতে বিমান হামলা চালায় জোটটি। তবে এসব অভিযানের পরও হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর পরিস্থিতির আবারও অবনতি ঘটে।
অন্যদিকে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীও স্থল অভিযান শুরু করেছে। সব মিলিয়ে দেশটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আরএন