দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে অতীতের রাজনৈতিক সংকটগুলোর স্থায়ী সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে। কিন্তু এসব সংকটের সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বিশ্বের সব দেশে গণতন্ত্রের কাঠামো ও চর্চা এক রকম নয়। দেশভেদে রাজনৈতিক বাস্তবতা ও কাঠামোর কারণে গণতন্ত্রের ধরনেও পার্থক্য রয়েছে। তাঁর অভিযোগ, নব্বইয়ের স্বৈরাচারী শাসকদের কারণেই পরবর্তী সময়ে ১৭ বছর ফ্যাসিবাদী শাসন টিকে থাকার সুযোগ তৈরি হয়েছিল। এ সময় জাসদের গণতন্ত্রবিরোধী ভূমিকার ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কবর জিয়ারতকালে শহীদ ডা. মিলনের মা তাঁর ছেলের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয়, যা এরশাদবিরোধী গণ-অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হয়।
এফএস