ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানি পরিবহন করা হয়।

প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রমও চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় ইউনিটটি। টানা সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদনের পর ওই দিন রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়। পরীক্ষার সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে কেন্দ্রটির দায়িত্ব পর্যায়ক্রমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

পারমাণবিক জ্বালানির শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। এখন কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রম শেষে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।


 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝