জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) এবং সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর সংশ্লিষ্ট দপ্তরগুলো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানায়, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ৩৩/১১ কেভি কাটাখালি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছয় ঘণ্টা ওই বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সিরাজগঞ্জে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে- বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপটি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এস এস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বি এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও আশপাশের এলাকা।
সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
এসএ